ভারতে টয়োটার ফ্লেক্স ফুয়েল গাড়ি উন্মোচন

১২ অক্টোবর, ২০২২ ০২:৩৩  
পরীক্ষামূলক ভাবে ভারতের প্রথম ফ্লেক্স-ফুয়েল গাড়ি উন্মোচন করলো জাপানি অটোমোবাইল সংস্থা টয়োটা। গাড়িটির নাম টয়োটা করোলা আল্টিস হাইব্রিড। একটি পরীক্ষামূলক প্রকল্পের আওতায় গাড়িটি হাজির করেছে টয়োটা। যার প্রধান উদ্দেশ্য স্ট্রং হাইব্রিড ফ্লেক্স ফুয়েল ইলেকট্রিক গাড়িটির ভারতীয় পরিবেশে দক্ষতা খতিয়ে দেখার। ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন থাকার দরুণ এটি পেট্রোল এবং ইথানলের মিশ্রণ অথবা যে কোনো একটি জ্বালানিতে চলতে সক্ষম। এই জাতীয় গাড়ির ব্যাপকভাবে প্রচলন ঘটলে পেট্রোল এবং ডিজেলের ওপর নির্ভরতা যে কমবে, তা আর বলার অপেক্ষা রাখে না। গাড়িটিতে একটি ১.৮ লিটার ইথানল চালিত পেট্রোল হাইব্রিড ইঞ্জিন দেওয়া হয়েছে। এদিকে ইথানল পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে সুখ্যাত। তাই এর ব্যবহার বাড়লে পরিবেশে দূষণের মাত্রা যেমন কমবে পাশাপাশি গাড়ির জ্বালানির খরচ হ্রাস পাবে। যেটি ১০০% পেট্রোল এবং ২০-১০০% ইথানল ও পেট্রোলের মিশ্রণে চলতে পারবে। এমনকি এটি বিদ্যুতেও চলতে সক্ষম। প্রসঙ্গত, ইথানল হচ্ছে সমগ্র বিশ্বে বিকল্প জ্বালানির মধ্যে অন্যতম। ইতিমধ্যেই ব্রাজিলের বাজারে ইথানল চালিত ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন সমেত গাড়ির ব্যাপক প্রচলন ঘটেছে। ডিবিটেক/বিএমটি